রাজধানী
উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব ছড়িয়ে দফায় দফায় সংঘর্ষ
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যা ও গুম করা হয়েছে-এমন গুজব ছড়িয়ে পড়ার জেরে উত্তরা স্কয়ারের একটি বাণিজ্যিক ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় রিকশাচালকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত উত্তরা এলাকায় স্কয়ার গ্রুপের একটি বাণিজ্যিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে মার্কেটের সামনে রিকশা পার্কিংকে কেন্দ্র করে এক রিকশাচালকের বাগ্বিতণ্ডা হয়। পরে সেটি মারামারিতে রূপ নেয়। এর মধ্যেই গুজব ছড়িয়ে পড়ে যে, ওই রিকশাচালককে পিটিয়ে হত্যা করে ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে।
এই খবর দ্রুত অন্য রিকশাচালকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে এবং বাণিজ্যিক ভবনে ভাঙচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষুব্ধদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরে রাত সাড়ে ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, একজন নিখোঁজ থাকার কথা বলা হলেও এখন পর্যন্ত তার নাম-ঠিকানা পাওয়া যায়নি। কেউ নিহত হয়েছেন কি না সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, সেনাবাহিনী ও পুলিশ ভবনের ভেতরে তল্লাশি চালালেও এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ঘটনাটি যাচাই করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।