রাজধানী

মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:৩৫ পিএম

মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা
ছবি: সংগৃহীত

ঢাকার মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনের একটি গলিতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিল্লাল হোসেন রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। তবে গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে একটি পরিবহন প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

পুলিশ জানায়, একটি বিবাদের সালিশে অংশ নিতে বিল্লাল আনারকলি মার্কেট এলাকায় গিয়েছিলেন। সালিশ চলাকালে এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে এবং সেখান থেকেই ছুরিকাঘাতের সূত্রপাত হয়। এ সময় ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা বিল্লালের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।