রাজধানী
পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির পাক্ষিক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাক্ষিক হেলথ ক্যাম্প আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার এই কার্যক্রম পরিচালিত হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানের তত্ত্বাবধানে এ বিশেষ স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে রাজধানীর এয়ারপোর্ট গোলচত্বর, মহাখালী বাস টার্মিনাল, গাবতলী বাস স্ট্যান্ড, কাকরাইল, মতিঝিল বয়েজ স্কুল মাঠ, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এবং বলধা গার্ডেন সংলগ্ন এলাকায় একযোগে হেলথ ক্যাম্প পরিচালিত হয়।
এসব ক্যাম্পে পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, পরিবহন শ্রমিকরা স্বল্প আয়, দীর্ঘ কর্মঘণ্টা ও সময় সংকটের কারণে অনেক সময় যথাসময়ে চিকিৎসা নিতে পারেন না। এই বাস্তবতা বিবেচনায় তাদের কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই ডিএমপি এই উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, চালক ও হেল্পারদের সুস্বাস্থ্য নিশ্চিত করা গেলে যাত্রী ও পণ্য পরিবহন আরও নিরাপদ হবে। বর্তমানে সীমিত পরিসরে এই কার্যক্রম চললেও ভবিষ্যতে তা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, এই পাক্ষিক হেলথ ক্যাম্প চালুর পর থেকে ইতোমধ্যে সহস্রাধিক পরিবহন শ্রমিক এ সেবা গ্রহণ করেছেন।