রাজধানী

স্ত্রী-শাশুড়িকে খুন করে রাজধানীর কলাবাগান থানায় হাজির হলেন যুবক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০২:৫২ পিএম

স্ত্রী-শাশুড়িকে খুন করে রাজধানীর কলাবাগান থানায় হাজির হলেন যুবক
ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে মো. শিপন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর তিনি নিজেই কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে আল আমিন মসজিদের পাশের একটি পাঁচতলা ভবনের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিপনের স্ত্রী রাত্রি (২০) এবং শাশুড়ি ফিরোজা বেগম (৩৫)। ঘটনার সময় রাত্রি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান, সকাল ৯টার দিকে ওই বাসার পঞ্চম তলায় শিপন ও তার স্ত্রী রাত্রির মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাশুড়ি মেয়ের পক্ষ নিলে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও শাশুড়িকে আঘাত করেন শিপন।

পরে ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয় এবং আহত ফিরোজা বেগমকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই শিপন থানায় গিয়ে হাজির হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, শিপন ও রাত্রির মধ্যে আগে বিবাহবিচ্ছেদ হয়েছিল। তবে বিচ্ছেদের পরও তারা একসঙ্গে বসবাস করছিলেন।