রাজধানী

রাজধানীতে নিজ বাসায় মিলল নটরডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৫:৪৯ পিএম

রাজধানীতে নিজ বাসায় মিলল নটরডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ
ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে কলাবাগানের ১৮৮ গ্রিন রোডের বাসা থেকে তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার উপপরিদর্শক আতিকুর রহমান মঙ্গলবার সকালে জানান, ধীরেন্দ্র কুমার রায়ের মেয়ে তাকে বাসায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালি রায় একটি স্কুলের শিক্ষিকা। সোমবার সকালে তিনি কর্মস্থলে চলে যান। ওই সময় তার মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। মেয়ের ঘুমের মধ্যেই ধীরেন্দ্র কুমার আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ধীরেন্দ্র কুমার রায় দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন। ২০২৫ সাল থেকে তার মানসিক চিকিৎসা চলছিল। এছাড়া তার দুই ভাইও আত্মহত্যা করে মারা গেছেন বলে পুলিশকে জানিয়েছে পরিবার।