অপরাধ
ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি ৩৫০
ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
ওসি জানান, গত ২০ ডিসেম্বর রাতে মামলাটি করা হয়। এতে ৩০০ থেকে সাড়ে ৩৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ছায়ানট কর্তৃপক্ষের দাবি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই রাতে একদল দুর্বৃত্ত ছায়ানট ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। হামলায় সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্রসহ বিভিন্ন বাদ্যযন্ত্র—তবলা, হারমোনিয়াম ও বেহালা ভেঙে ফেলা হয় এবং কিছু সামগ্রীতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।
ঘটনার পরদিন ছায়ানট ভবন পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরিদর্শনকালে তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ডেইলি স্টার, প্রথম আলো এবং ছায়ানট ভবনে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।