অপরাধ

৬ চীনা নাগরিকসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৪:০৫ পিএম

৬ চীনা নাগরিকসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল অর্থ লেনদেনের সঙ্গে জড়িত একটি চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে ৬ জন চীনের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার চীনা নাগরিকরা হলেন এম এ জি, ঝাং জিয়াহাও, লিউ জিনজি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান ও জেমস ঝু। এছাড়া বাংলাদেশি তিন সদস্য হলেন কাউসার হোসেন, আব্দুল করিম ও রোকন উদ্দিন।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইন জুয়ার প্রচারণা এবং বিকাশ ও নগদের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। পরে উত্তরা ১৩ নম্বর সেক্টর ও তুরাগের রূপায়ণ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জিএসএম/জিপিআরএস সিম মডিউল ডিভাইস, শতাধিক সিম কার্ড, ল্যাপটপ, স্মার্টফোন, নগদ অর্থ, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং একটি মাইক্রোবাস।

ডিবি জানায়, চক্রটি সংঘবদ্ধভাবে অনলাইন জুয়া পরিচালনা, সাইবার প্রতারণা ও অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে অর্থ পাচারে জড়িত ছিল। তারা বিভিন্ন এজেন্ট সিম ব্যবহার করে ডিজিটাল গেটওয়ের মাধ্যমে লেনদেন পরিচালনা করত।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি নিজস্ব অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে, বিশেষ করে চীনে পাচার করছিল।

এ ঘটনায় রমনা থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।