অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর দিলেন গভর্নর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর দিলেন গভর্নর
ছবি: সংগৃহীত

একাধিক সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক–এর আমানতকারীদের জন্য বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সুদের হার, তাৎক্ষণিক ঋণ সুবিধা এবং টাকা উত্তোলনে শিথিলতা, সব মিলিয়ে আমানতকারীদের আস্থা ফেরাতেই এই উদ্যোগ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি জানান, ১ জানুয়ারি থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকে বাজারভিত্তিক নতুন সুদের হার কার্যকর হয়েছে। এক বছর বা তার বেশি মেয়াদের আমানতে সর্বোচ্চ ৯.৫ শতাংশ এবং ছয় মাস থেকে এক বছর মেয়াদে ৯ শতাংশ সুদ দেওয়া হবে।

গভর্নর বলেন, যেসব আমানতকারী আপাতত পুরো টাকা তুলতে পারছেন না, তাদের জন্য বিশেষ বিকল্প রাখা হয়েছে। ডিপোজিটের বিপরীতে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এতে বড় অঙ্কের আমানতকারীদের তারল্য সংকট অনেকটাই কমবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, কারও যদি ২০ কোটি টাকা আমানত থাকে, তবে তিনি চাইলে ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

আহসান এইচ মনসুর আরও জানান, আমানতকারীদের মূল টাকা পুরোপুরি সুরক্ষিত রয়েছে। তবে ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখতে টাকা ধাপে ধাপে উত্তোলনের ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে গভর্নর অভিযোগ করেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থির করার চেষ্টা করেছে। তিনি বলেন, আগে দেওয়া রেজুলেশন প্ল্যান বাস্তবায়নের সময় কিছু জটিলতা তৈরি হয়েছিল। সেগুলো সমাধানে বাংলাদেশ ব্যাংক প্রতিদিন সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংকের সঙ্গে বৈঠক করছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বর্তমানে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন। যাদের জমা এর কম, তারা পুরো টাকাই উত্তোলন করতে পারছেন। পাশাপাশি এখন সব ধরনের স্কিম—ফিক্সড ডিপোজিট, মানি স্কিমসহ—থেকে টাকা তোলার সুযোগ চালু হয়েছে।

গভর্নর জানান, বর্তমানে যে কোনো স্কিম থেকে ১ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে। মেয়াদ পূর্ণ হলে আমানত রোলওভার হবে এবং সুদ পর্যায়ক্রমে তোলার সুযোগ থাকবে। আগে কম্পিউটার সিস্টেম ও সুদ হিসাব সংক্রান্ত জটিলতার কারণে কিছুটা বিলম্ব হলেও এখন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে।

তিনি আরও বলেন, পাঁচটি ব্যাংকের অনলাইন সিস্টেম একীভূত করা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। সব ভেন্ডরের লাইসেন্স নবায়ন করা হয়েছে এবং ধাপে ধাপে অনলাইন সেবা, আরটিজিএস ও এটিএম কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে। খুব শিগগিরই সম্মিলিত ইসলামী ব্যাংকের সব কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।