অর্থনীতি
একদিনের ব্যবধানে স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরিতে বাড়ল কত?
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও রেকর্ড তৈরি হয়েছে। মাত্র এক দিনের ব্যবধানে ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা বেড়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। নতুন এই দাম মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সংশোধিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। একই সঙ্গে ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ভরিতে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণে পার্থক্য হতে পারে।
এর আগেও চলতি মাসে কয়েক দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। রোববার রাতে ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১৫ ডিসেম্বর ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। ভরিতে ৩৮৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে রুপার দাম বাড়ায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা মঙ্গলবার থেকেই কার্যকর হবে।