অর্থনীতি

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা ও রুপা, আজ থেকেই কার্যকর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ এএম

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা ও রুপা, আজ থেকেই কার্যকর
ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই মূল্য আজ বুধবার (২৪ ডিসেম্বর) থেকেই কার্যকর হচ্ছে। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের সোনার দাম দুই লাখ ২২ হাজার টাকা ছাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাজুসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাজুস সূত্রে জানা গেছে, বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য উল্লম্ফনের প্রভাব সরাসরি দেশের বাজারেও পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৪৫০ মার্কিন ডলার ছাড়িয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামেও ঊর্ধ্বগতি এসেছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি বিক্রি হবে ৪ হাজার ৮৯৯ টাকায়। ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি ডলার বিনিময় হার ও আমদানি ব্যয় বৃদ্ধির প্রভাবও দেশের স্বর্ণবাজারে পড়ছে। ফলে সামনে স্বর্ণ ও রুপার বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।