অর্থনীতি

জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৬:১৩ পিএম

জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে স্পষ্ট জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রোল, ২০ দিনের জেট জ্বালানি এবং ২৫ দিনের ফার্নেস অয়েল মজুদ রয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে জরুরি ব্রিফিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করতে একটি মহল গুজব ছড়াচ্ছে, তবে বাস্তবে এমন কোনো পরিস্থিতি নেই।

তিনি আরও জানান, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। চলতি মাসের শেষ নাগাদ ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন এবং আগামী আগস্টে আরও ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে। ফলে জ্বালানি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

প্রাকৃতিক গ্যাসের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ করা যাচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এই ঘাটতি দীর্ঘদিনের হলেও নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে সরকার জোর দিয়েছে।

এদিকে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের কারণ হিসেবে তিনি জানান, একটি ভাসমান এলএনজি টার্মিনালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটে। তবে কারিগরি দল দ্রুত কাজ করছে এবং আগামী দুই দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি আমদানির বিষয়ে মনির হোসেন চৌধুরী বলেন, প্রধানত অপরিশোধিত তেল আমদানি করা হয় ওই অঞ্চল থেকে। হরমুজ প্রণালিতে জটিলতা তৈরি হওয়ার পর বিকল্প হিসেবে লোহিত সাগর রুট ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হলেও বিকল্প পথ ব্যবহার করে সরবরাহ অব্যাহত রাখার প্রস্তুতি রয়েছে।