অর্থনীতি
ভারতের চাল সিঙ্গাপুরের মাধ্যমে কিনছে সরকার
বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে নন–বাসমতি চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরাসরি ভারত নয়, সিঙ্গাপুরভিত্তিক এক সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এ চাল আনা হবে।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, বাজারে দামের ওঠানামা সাম্প্রতিক সময়ে কিছুটা কমলেও স্থিতিশীল নয়। তাই দাম যেন আর না বাড়ে, সে জন্যই সরকার নতুন করে নন-বাসমতি চাল আনছে। তার ভাষায়, ‘চালের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে, আবার কিছুটা বাড়ছে। অতএব কোনোভাবেই যেন দাম না বাড়ে, সেজন্য আমরা নন-বাসমতি চাল আবার আনব।’
কোন দেশ থেকে চাল আসবে- এ প্রশ্নে তিনি পরিষ্কার করে বলেন, সরবরাহ ভারত থেকেই হবে। তবে সরকার সরবরাহকারী নির্বাচন করেছে প্রতিযোগিতামূলক দাম, মান ও নির্দিষ্ট সময়ে সরবরাহের ভিত্তিতে। ‘আমরা মান, সময়মতো সরবরাহ আর দামের বিষয়টা দেখেছি। সরবরাহকারী সিঙ্গাপুরের। আমরা তো কাউকে বলতে পারি না ভারত থেকে আনবেন না, থাইল্যান্ড বা মিয়ানমার থেকে আনবেন না,’—বলেন তিনি।
এ সময় তিনি জানান, ডিসেম্বরে সরকার সংশোধিত বাজেট চূড়ান্ত করতে চায়। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ায় বাড়তি ব্যয় বিবেচনায় রাখা হচ্ছে বলেও জানান তিনি।
নির্বাচন ও গণভোট আয়োজনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘একই দিনে আয়োজন করা চ্যালেঞ্জ হলেও তা গ্রহণ করতে হবে। দুই দিন নির্বাচন করলে সকল কর্মকর্তা-কর্মচারীকে বারবার মোবিলাইজ করতে হবে—এটা খুব কঠিন।’
জানুয়ারি নাগাদ সংশোধিত বাজেট প্রস্তুত করে নতুন সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সভায় সারের আমদানি, পরিশোধিত তেল ক্রয় এবং তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।