শিক্ষা

মাদরাসার পঞ্চম শ্রেণিতে আবারও চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০১:১৯ পিএম

মাদরাসার পঞ্চম শ্রেণিতে আবারও চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা
ছবি: সংগৃহীত

দেশের ইবতেদায়ি মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আবারও চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড চলতি বছরের ডিসেম্বর মাসেই এ পরীক্ষা আয়োজনের ঘোষণা দিয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা আগামী ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষায় শিক্ষার্থীরা পাঁচটি বিষয়ে অংশ নেবে। প্রতিটি বিষয়ের জন্য ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ মোট নম্বর হবে ৫০০। পরীক্ষার বিষয়গুলোর মধ্যে রয়েছে কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ (একত্রে), আরবি প্রথম ও দ্বিতীয় পত্র (একত্রে), বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান (একত্রে)।

এ পরীক্ষায় কেবলমাত্র বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ও সংযুক্ত ইবতেদায়ি শাখার শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে। তবে প্রতিটি মাদরাসা থেকে পঞ্চম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

বোর্ড জানিয়েছে, পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাস ও মানবণ্টন খুব শিগগিরই প্রকাশ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ইবতেদায়ি পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হবে এবং শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।