শিক্ষা
এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
বৈরি আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে না পারা এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পুনঃপরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী পরীক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনাটি জানানো হয়। এতে স্বাক্ষর করেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ক্ষেত্রে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেনি—তাদের এই সুযোগ দেওয়া হচ্ছে।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করা পরীক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠাতে হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।