বিনোদন

শিল্পা শেঠি ও তার স্বামীর বিরুদ্ধে কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পিএম

শিল্পা শেঠি ও তার স্বামীর বিরুদ্ধে কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ প্রতারণার অভিযোগ উঠেছে। মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখায় দীপক কোঠারি নামের এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেছেন।

তার দাবি, এই দম্পতি ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের বিনিয়োগ ও ঋণচুক্তির মাধ্যমে তার কাছ থেকে মোট ৬০.৪৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই মামলায় আরও একজন অজ্ঞাত ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।

দীপক কোঠারি, যিনি লোটাস ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের পরিচালক, জানিয়েছেন ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে তিনি কোম্পানির সম্প্রসারণের জন্য এই অর্থ দেন। কিন্তু অভিযোগ অনুসারে, রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি সেই টাকা ব্যবসায় না লাগিয়ে ব্যক্তিগত খরচে ব্যয় করেন।

shilpa-raj1_Dhakaprokash.jpg

প্রথমিক তদন্ত শেষে মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্স উইং মামলাটি ঝুহু থানায় এফআইআর আকারে নথিভুক্ত করেছে।

এফআইআরে কোঠারি উল্লেখ করেছেন, এক পরিচিত বন্ধুর মাধ্যমে তার পরিচয় হয় রাজ কুন্দ্রার সঙ্গে। সে সময় রাজ ও শিল্পা মিলে কোম্পানির প্রায় ৮৭.৬ শতাংশ শেয়ারের মালিক ছিলেন। তারা প্রথমে বিনিয়োগ চেয়ে, পরে ঋণ হিসেবে অর্থ গ্রহণ করেন এবং বিনিময়ে প্রতি মাসে মুনাফা ও মূলধন ফেরতের প্রতিশ্রুতি দেন।

২০১৬ সালে শিল্পা শেঠি কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন। পরে জানা যায়, প্রতিষ্ঠানটি অন্য এক বিনিয়োগকারীর প্রতারণার মামলায় দেউলিয়া ঘোষণার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

পুলিশ জানায়, প্রাপ্ত অর্থ কোম্পানির কাজে ব্যবহার না করে ব্যক্তিগত উদ্দেশ্যে খরচ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৩ (অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ), ৪০৬ (বিশ্বাসভঙ্গ) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) ধারায় মামলা করা হয়েছে।