বিনোদন
পদদলিত ঘটনায় নিহতদের পরিবারকে ২৭ লাখ টাকা করে সহায়তা দেবেন বিজয় থালাপাতি
তামিলনাড়ুর করুরে অভিনেতা ও রাজনীতিক বিজয় থালাপাতির সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি। নিহতদের প্রতিটি পরিবারের জন্য ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ ৩৮ হাজার টাকা) এবং আহতদের জন্য ২ লাখ রুপি আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন বিজয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর এক্স হ্যান্ডেলে বিজয় এক আবেগঘন বার্তায় লিখেন— “আমার হৃদয়ের বেদনা প্রকাশ করার মতো ভাষা নেই। যাদের স্নেহ ও ভালোবাসা আমি অনুভব করেছি, তাদের মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছে। এই অপূরণীয় ক্ষতিতে আমি গভীর সমবেদনা জানাচ্ছি। পরিবারের একজন সদস্য হিসেবে প্রতিটি মৃত ব্যক্তির পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের ২ লাখ রুপি দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এই অর্থ কোনোভাবেই ক্ষতির সমান নয়, তবে এটি আমার কর্তব্য।”
তিনি আরও বলেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের দলের পক্ষ থেকে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
তবে এ ঘটনায় সমাবেশে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি বিজয়। অভিযোগ রয়েছে, নির্বাচনী প্রচারের ওই সভায় পুলিশের শর্ত ভঙ্গ করে হঠাৎ রোডশো করা হয়, যা ভিড় সামলাতে বড় ধরনের সংকট তৈরি করে।
এদিকে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি ও আহতদের ১ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে তামিলনাড়ু সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর করুরে অনুষ্ঠিত বিজয়ের সমাবেশে প্রায় ২৭ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন, যদিও আয়োজকদের অনুমান ছিল মাত্র ১০ হাজার। বিজয়ের প্রায় সাত ঘণ্টা দেরিতে পৌঁছানোয় ভিড়ের চাপ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত পদদলিতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা ছিল না এবং মাত্র ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল, যা নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ঘাটতির ইঙ্গিত দেয়।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ইতোমধ্যে করুরে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেসানের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।