বিনোদন

শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার হতে পারেন তানজিন তিশা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম

শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার হতে পারেন তানজিন তিশা
তানজিন তিশা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানজিন তিশা ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮,৮০০ টাকার মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির মূল্য পরিশোধ না করে, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা হয়েছে।

ফ্যাশন পেজটির এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। তার পক্ষে অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার সুপ্রিম কোর্টের মাধ্যমে আইনি নোটিশ পাঠান। মামলা দায়েরের পর থেকে তানজিন তিশা গ্রেফতার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বাদীপক্ষ জানিয়েছে, গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসায় ও হোয়াটসঅ্যাপে আইনি নোটিশ পাঠানো হয়, যেখানে তাকে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পাশাপাশি নারী উদ্যোক্তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু নোটিশে বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও তানজিন তিশা কোনো পদক্ষেপ নেননি।

tanjin_tisha1_Dhakaprokash.jpg

এরপর ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৪২০/৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। সি আর মামলা নম্বর ৯৬২/২০২৫। আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানিতে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।

এদিকে, তানজিন তিশা ফেসবুকে এক স্ট্যাটাসে দাবি করেছেন যে, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল, তবে এটি নিয়ে এখনও কোনো আইনি প্রতিক্রিয়া দেখাননি তিনি।