বিনোদন

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:০২ পিএম

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ
ছবিঃ সংগৃহিত

তরুণ প্রজন্মের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে বিনা খরচে দেশে আনা হয়েছে।  

আজ রবিবার (১৭ মে) বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএসের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়ায় তার নানার বাড়িতে। সেখানেই তাকে দাফন করা হবে।

লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। পরে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শুক্রবার গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয়।

এর আগে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন কারিনা। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়।