বিনোদন

কোনো রাজনৈতিক দলের সঙ্গে কারিনা জড়িত ছিল না: কায়সার হামিদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:১৮ এএম

কোনো রাজনৈতিক দলের সঙ্গে কারিনা জড়িত ছিল না: কায়সার হামিদ
ছবি: সংগৃহীত

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের রাজনৈতিক পরিচয় নিয়ে বিভিন্ন আলোচনা চললেও তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ জানিয়েছেন, কারিনা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তবে তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন।

রোববার (১৭ মে) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারিনার মরদেহ দেশে পৌঁছায়। সেখানে পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেন। পরে বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা।

জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কায়সার হামিদ। তিনি বলেন, কনটেন্ট নির্মাতা হিসেবে তার মেয়েকে এত মানুষ ভালোবাসতেন, তা আগে বুঝতে পারেননি। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ও ভালোবাসা দেখে তিনি গর্ব অনুভব করছেন।

মেয়ের রাজনৈতিক অবস্থান নিয়ে কায়সার হামিদ বলেন, “কারিনা কোনো রাজনৈতিক দল সাপোর্ট করতো না। কোনো দলের সঙ্গে তার সম্পৃক্ততাও ছিল না। তবে অন্যায়ের বিরুদ্ধে সে মাঝে মাঝে কথা বলতো এবং ভিডিও তৈরি করতো।”

পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে চতুর্থ জানাজার পর তাকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানে খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। একই সঙ্গে ফুসফুসেও সংক্রমণ ছিল। লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কনটেন্ট নির্মাতা হিসেবে জনপ্রিয় হওয়ার পাশাপাশি কারিনা অভিনেত্রী ও চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।