বিনোদন
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে তৃষার রোমান্টিক শুভেচ্ছাবার্তা
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিন ঘিরে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের নীরবতা যখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন উসকে দিয়েছিল, তখন মধ্যরাতের এক পোস্টেই সব জল্পনার অবসান ঘটালেন এই জনপ্রিয় অভিনেত্রী। ইনস্টাগ্রামে বিজয়কে ঘিরে একটি আবেগঘন ছবি ও বার্তা শেয়ার করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি।
তৃষার পোস্ট করা ছবিতে দেখা যায়, একাধিক জন্মদিনের কেকের সামনে হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন বিজয়, আর তার পাশে দাঁড়িয়ে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন তৃষা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “যার জন্য সবকিছুই সার্থক মনে হয়, তাকে জানাই শুভ জন্মদিন। ০০.০০।”
পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভক্তরা মন্তব্যে দুজনের রসায়নের প্রশংসা করেন এবং দীর্ঘদিনের বন্ধুত্ব ও সম্পর্কের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
এর আগে বিজয়ের ৫২তম জন্মদিনজুড়ে তৃষার কোনো শুভেচ্ছাবার্তা না আসায় সামাজিক মাধ্যমে নানা জল্পনা শুরু হয়। কেউ দাবি করেন, তৃষা নাকি বিজয়কে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। আবার অনেকের মতে, তিনি কখনোই বিজয়কে ফলো করতেন না। তবে মধ্যরাতের এই পোস্ট সেই সব গুঞ্জনকে কার্যত উড়িয়ে দিয়েছে।
বিজয়ের জন্মদিনে বিশেষ বার্তা দেওয়ার রীতি তৃষার নতুন নয়। ২০২৫ সালে তিনি বিজয়ের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “শুভ জন্মদিন, প্রিয়তম বন্ধু।” ২০২৪ সালে লিফটের ভেতরে তোলা একটি সেলফির সঙ্গে লিখেছিলেন, “ঝড়ের মাঝে তুমি শান্ত।” আর ২০২৩ সালেও বরফে ঘেরা পরিবেশে দুজনের একটি ছবি প্রকাশ করেছিলেন তিনি।
তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত বিজয় ও তৃষা একসঙ্গে অভিনয় করেছেন ‘গিল্লি’, ‘থিরুপাচি’, ‘আথি’ এবং সর্বশেষ ‘লিও’-এর মতো ব্যবসাসফল ছবিতে। পর্দার বাইরেও তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যে তৃষার এই শুভেচ্ছাবার্তা নতুন করে তাদের সম্পর্ক নিয়ে কৌতূহল বাড়িয়েছে।
তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য না করলেও, একটি ছবিই যেন ভক্তদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছে—সব গুঞ্জনের মধ্যেও বিজয় ও তৃষার বন্ধুত্ব এবং পারস্পরিক সম্মান এখনো অটুট।
সূত্র: এনডিটিভি