বিনোদন

খবরটি সত্য, জুলাই থেকে আমরা আলাদা আছি: তাহসান খান


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

খবরটি সত্য, জুলাই থেকে আমরা আলাদা আছি: তাহসান খান
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুললেন তাহসান খান নিজেই। তাহসান জানিয়েছেন, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন।

গণমাধ্যমকে তাহসান বলেন, “খবরটি সত্য। আমরা দীর্ঘদিন ধরে, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আলাদা আছি। সঠিক সময় এলে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে।” ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছার কথাও জানান তিনি।

tahsan_roza1_Dhakaprokash.jpg

তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগত বিষয় সামনে আনতে চাইনি। কিন্তু আমাদের বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর ছড়ানো হয়েছে। সে কারণেই স্পষ্ট করে বলতে হচ্ছে—আমরা এখন একসঙ্গে নেই।”

উল্লেখ্য, রোজা আহমেদ তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর তাদের বিয়ে হয়। পেশায় রোজা একজন মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে, ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। প্রায় ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।