বিনোদন

বিতর্কের মাঝেই কি গোপনে দ্বিতীয় বিয়ে করলেন র‍্যাপার বাদশা?


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:২৪ পিএম

বিতর্কের মাঝেই কি গোপনে দ্বিতীয় বিয়ে করলেন র‍্যাপার বাদশা?
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশাকে ঘিরে একদিকে যেমন নতুন গান ‘টটীরী’ নিয়ে তীব্র বিতর্ক ও আইনি জটিলতা চলছে, অন্যদিকে তার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রেমিকা, পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিকির সঙ্গে তিনি গোপনে বিয়ে করেছেন-এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই বাদশা ও ঈশা রিকির বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, প্রথা মেনে অগ্নিসাক্ষী রেখে মালাবদল করছেন এই জুটি। ২০২০ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ঈশার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল, যা সময়ের সঙ্গে আরও জোরালো হয়।

ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এবার সেই সম্পর্কই বিয়েতে গড়িয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বাদশা নিজে তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। যদিও ঈশা রিকির মা পুনম রিকির শেয়ার করা কিছু ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, যা এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

এদিকে সম্প্রতি প্রকাশিত বাদশার ‘টটীরী’ গানটি নিয়েও বিতর্কের ঝড় উঠেছে। গানে নারীদের প্রতি অবমাননাকর বক্তব্য রয়েছে—এমন অভিযোগে ভারতের হরিয়ানা রাজ্য মহিলা কমিশন তার বিরুদ্ধে থানায় মামলা করেছে। এই আইনি জটিলতার মধ্যেই নীরবে বিয়ের খবর সামনে আসায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।

 

badsha-1.jpg
 ছবি: সংগৃহীত 

ঈশা রিকি বয়সে বাদশার চেয়ে আট বছরের ছোট হলেও পাঞ্জাবি চলচ্চিত্রে তিনি একটি পরিচিত নাম। ২০১২ সালে ‘জাট অ্যান্ড জুলিয়েট’ সিনেমার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করে ‘হ্যাপি গো লাকি’ ও ‘আরদাস’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

উল্লেখ্য, বাদশার প্রথম স্ত্রী ছিলেন বিদেশি নাগরিক, যার সঙ্গে তার সংসার বেশিদিন টেকেনি। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, যিনি বর্তমানে মায়ের সঙ্গে লন্ডনে বসবাস করছেন। ২০২১ সাল থেকে ঈশার সঙ্গে বাদশার ঘনিষ্ঠতা শুরু হয় এবং সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে।

সব মিলিয়ে, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই থাকছে-তবে ভক্তদের আগ্রহ ও আলোচনা ইতোমধ্যেই তুঙ্গে।