পরিবেশ-জলবায়ু

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, তিন বিভাগে ভারি বর্ষণের শঙ্কা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০১:২২ পিএম

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, তিন বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকালে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল বুধবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিছুটা কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি সক্রিয় রয়েছে।

এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।