পরিবেশ-জলবায়ু
আগামী ৪৮ ঘণ্টায় তীব্র বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির আশঙ্কা
মৌসুমি বায়ুর বিদায়ের প্রাক্কালে আগামী ৪৮ ঘণ্টায় দেশের ছয়টি বিভাগে তীব্র বজ্রপাত, ঝোড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শুক্রবার (১০ অক্টোবর) এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, বিশেষ করে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলায় এই প্রবল আবহাওয়াজনিত দুর্যোগ দেখা দিতে পারে।
বিডব্লিউওটির তথ্যমতে, সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে- ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা, যশোর, খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকা।
এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি আরও জানায়, আগামী ১২ অক্টোবর থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কমে যেতে পারে। তবে দক্ষিণ ও মধ্যাঞ্চল, পাশাপাশি সিলেট বিভাগের কিছু অংশে ১৫ অক্টোবর পর্যন্ত বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।