পরিবেশ-জলবায়ু
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন ঝরবে বৃষ্টি!
আগামী কয়েক দিনের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চলে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি নামার সম্ভাবনা তৈরি হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, রবিবারের (১৯ অক্টোবর) মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। একই ধরনের পূর্বাভাস রয়েছে সোমবার এবং মঙ্গলবারের জন্যও।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর দেশের আবহাওয়ায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বুধবার (২২ অক্টোবর) আবারও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই পাঁচ দিনের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না। ফলে গরমের অনুভূতি ও আর্দ্রতা প্রায় একই রকম থাকবে।
আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হতে যাওয়া সম্ভাব্য লঘুচাপটির গতিপথের ওপরই নির্ভর করছে বৃষ্টির মাত্রা ও বিস্তৃতি। যদিও এটি এখনো সুস্পষ্টভাবে সৃষ্টি হয়নি, তবুও আবহাওয়াবিদেরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।