পরিবেশ-জলবায়ু

৪৪ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

৪৪ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তর
ছবি: সংগৃহীত

সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে দেশ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ দেশের ৪৪টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

আজ বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, ৩০টিরও বেশি স্টেশনে আজ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী— রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের সবকটি জেলাসহ (৩২টি) ঢাকা ও চট্টগ্রাম বিভাগের টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কুমিল্লা জেলার ওপর দিয়ে এই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা ঢাকা থাকছে প্রকৃতি। এর ফলে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। উত্তরবঙ্গসহ দেশের অনেক জেলায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সূর্যের দেখা না মেলায় দিনের তাপমাত্রাও খুব একটা বাড়ছে না, ফলে শীতের অনুভূতি প্রকট হচ্ছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, এই পরিস্থিতি আগামী ১১ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাঁচ দিনের আগে আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এই সময়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশার কারণে কৃষি কাজ ও দৈনিক মজুরিভিত্তিক কাজ ব্যাহত হচ্ছে। শিশুদের মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।