স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ জনের ‍মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৮:১২ পিএম

ডেঙ্গুতে আরও ৩ জনের ‍মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় মরণঘাতী এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। একই সময়ে নতুন করে ৪১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৫ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জনে। আর এ সময় পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৯ হাজার ৪৪ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগ থেকে যে ৪১২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে, যেখানে একদিনেই ১০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ (৭৭ জন), ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (মোট ১২২ জন), এবং রাজশাহী বিভাগ (৩০ জন)। অন্যান্য বিভাগেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন।

চলতি বছরের প্রথম সাত মাসের পরিসংখ্যান অনুযায়ী, ডেঙ্গু সংক্রমণ মে মাস থেকে বাড়তে শুরু করে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যেখানে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, সেখানে মে মাসে রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়ে যায়। জুন ও জুলাইয়ে তা লাফিয়ে বাড়ে। শুধু জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৬৮৪ জন, মারা গেছেন ৪১ জন। আগস্ট মাস এখনো শেষ না হলেও এ পর্যন্ত মারা গেছেন ৩৫ জন এবং ভর্তি হয়েছেন ৮ হাজারের বেশি মানুষ।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২০২৩ সাল ছিল বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ বছর। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে যায়। চলতি বছর এখন পর্যন্ত ১ লাখেরও বেশি রোগী ভর্তি হয়েছেন। তবে আশঙ্কা করা হচ্ছে, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।