স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬৪ জন


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম

ডেঙ্গুতে একদিনে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬৪ জন
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়- ১৩৪ জন।

অন্যদিকে, বরিশাল বিভাগে ৪০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১৪ জন, ময়মনসিংহে ১১ জন, খুলনায় ৮ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

গত একদিনে ৯৬৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালেই সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৩৯ জন, ঢাকা দক্ষিণে ১৪৫ জন, এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৯০ জন ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে বরিশালে ১১৪ জন, চট্টগ্রামে ৮৮ জন, রাজশাহীতে ৬৬ জন, ময়মনসিংহে ৫১ জন, খুলনায় ৫০ জন, রংপুরে ১৬ জন এবং সিলেটে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।