স্বাস্থ্য
চিকিৎসাবিজ্ঞানে নতুন মাইলফলক, জন্মের আগেই মায়ের গর্ভে শিশুর অস্ত্রোপচার
যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা চিকিৎসাবিজ্ঞানে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন। জন্মের আগেই মায়ের গর্ভে থাকা একটি শিশুর জটিল জন্মগত ত্রুটি সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে সংশোধন করা হয়েছে। অস্ত্রোপচারের পর বর্তমানে পাঁচ মাস বয়সী শিশু থিও সুস্থভাবে বেড়ে উঠছে।
থিওর মা, ২৯ বছর বয়সী লন্ডনের বাসিন্দা মেইজি স্যাভেজ। গর্ভাবস্থার ২৬তম সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে অস্ত্রোপচার করান। শিশুটি গ্যাস্ট্রোস্কিসিস নামের একটি জন্মগত ত্রুটিতে আক্রান্ত ছিল। এ অবস্থায় ভ্রূণের নাভি ঠিকভাবে গঠিত না হওয়ায় অন্ত্রসহ কিছু অভ্যন্তরীণ অঙ্গ শরীরের বাইরে চলে আসে।
অস্ত্রোপচারে চিকিৎসকেরা কিহোল সার্জারি পদ্ধতি ব্যবহার করে মায়ের জরায়ুর একটি অংশ উন্মুক্ত করেন এবং শিশুটির বাইরে থাকা অন্ত্র ও অন্যান্য অঙ্গ আবার পেটের ভেতরে স্থাপন করেন। এটি বিশ্বে প্রথমবারের মতো পরিচালিত একটি বিশেষ ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ।
চিকিৎসকদের তথ্যমতে, যুক্তরাজ্যে প্রতি তিন হাজার নবজাতকের মধ্যে একজন এই রোগ নিয়ে জন্মায়। জটিল ক্ষেত্রে একাধিক অস্ত্রোপচার, দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসা, এমনকি অন্ত্র প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। উন্নত চিকিৎসা থাকা সত্ত্বেও প্রতি ১০ জনের মধ্যে একজন শিশুর মৃত্যু হয়।
গর্ভাবস্থার ২০ সপ্তাহের আল্ট্রাসনোগ্রাফিতে থিওর সমস্যা ধরা পড়ে। পরে লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের পরামর্শে পরিবারটি যুক্তরাষ্ট্রের টেক্সাস চিলড্রেনস হাসপাতালে যায়। এর আগে বেলজিয়ামের লুভেন হাসপাতালে ভ্রূণের পেটের পেশি শিথিল করতে বিশেষ ইনজেকশন দেওয়া হয়।
গত বছরের নভেম্বরে গর্ভাবস্থার ২৬তম সপ্তাহে টেক্সাসে অস্ত্রোপচার সম্পন্ন হয়। সফল অস্ত্রোপচারের পর মেইজি আরও ১৪ সপ্তাহ গর্ভে সন্তান ধারণ করেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাভাবিক প্রসবে থিওর জন্ম হয়।
অস্ত্রোপচারের নেতৃত্ব দেওয়া ভ্রূণ ও শিশু সার্জারি বিশেষজ্ঞ ড. মাইকেল বেলফোর্ট বলেন, পুরো প্রক্রিয়ায় মা ও শিশুর কোনো জটিলতা দেখা যায়নি। গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের অধ্যাপক পাওলো ডে কপ্পি জানান, চলমান ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে ভবিষ্যতে যুক্তরাজ্যেও এ ধরনের অস্ত্রোপচার চালু করা হবে।
থিওর বাবা-মা চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই অস্ত্রোপচার শুধু তাদের সন্তানের জীবনই নয়, পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে দিয়েছে।
সূত্র: বিবিসি