স্বাস্থ্য
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬১
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন।
রোববার, ১৩ সেপ্টেম্বর, স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে মৃত্যু হয়েছে ৫২ জনের। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৬১ জনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৩৭ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৩৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৯৩ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬২৭ জন। এছাড়া খুলনা বিভাগে ২৭৫ জন, বরিশালে ২০২ জন, চট্টগ্রামে ১৮১ জন, রাজশাহীতে ১০৪ জন, ময়মনসিংহে ৯৩ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেটে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।