সারাবিশ্ব
মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মতি থাইল্যান্ড-কম্বোডিয়ার
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে অবসান টানতে আসিয়ানের বর্তমান চেয়ার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর উদ্যোগে দুই দেশ নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে তারা জানিয়েছে, পূর্ণ সেনা প্রত্যাহারের জন্য কিছুটা সময় প্রয়োজন।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির প্রস্তাবটিকে তারা ‘নীতিগতভাবে পূর্ণ সমর্থন’ জানাচ্ছে এবং বিষয়টি বিবেচনায় নিচ্ছে। তবে একইসঙ্গে দেশটি অভিযোগ করেছে, সারাদিন কম্বোডিয়ার বাহিনী থাইল্যান্ডের ভূখণ্ডে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে, যা যুদ্ধবিরতির পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টি করছে।
বিবৃতিতে আরও বলা হয়, “মাটিতে যুদ্ধবিরতির উপযুক্ত পরিবেশ তৈরি জরুরি। থাইল্যান্ড তার সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। কিন্তু কম্বোডিয়ার বর্তমান আগ্রাসন আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকিতে ফেলেছে।”
অন্যদিকে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত যুদ্ধবিরতির প্রস্তাব সমর্থনের কথা জানিয়েছেন এবং শান্তিপূর্ণ সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন।
দুই দেশের মধ্যে টানা সংঘর্ষে ১৬ জনের মৃত্যু ও দেড় লাখের বেশি মানুষের বাস্তুচ্যুতি ঘটায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে আসিয়ান ও অন্যান্য আন্তর্জাতিক শক্তি কূটনৈতিক সমাধানে তৎপরতা শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যেই মালয়েশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যা বর্তমানে আঞ্চলিক কূটনীতির অন্যতম অগ্রাধিকার।