সারাবিশ্ব

চীনের সেনাবাহিনীতে শুদ্ধি অভিযান, দুর্নীতির অভিযোগে ৯ জেনারেল বহিষ্কার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১১:০৫ পিএম

চীনের সেনাবাহিনীতে শুদ্ধি অভিযান, দুর্নীতির অভিযোগে ৯ জেনারেল বহিষ্কার
ছবি: সংগৃহীত

চীনের সামরিক বাহিনীতে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে নয়জন শীর্ষ জেনারেলকে বহিষ্কার করেছে চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি)। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর আর্থিক অনিয়ম এবং দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের এই বহিষ্কার।

বহিষ্কৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চীনের সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা হে ওয়েইদং, যিনি কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) সহ-সভাপতি ছিলেন। তাকে বহিষ্কারের ঘটনা চীনের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হে ওয়েইদং ছিলেন সিসিপির শীর্ষ নীতিনির্ধারণী পর্ষদ পলিটব্যুরোর সদস্যও। বর্তমান পদে থেকে দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পড়া তিনিই প্রথম পলিটব্যুরো সদস্য।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্তরা দলীয় শৃঙ্খলা ও দায়িত্ব লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ও শৃঙ্খলার জন্য "চরম ক্ষতিকর"। তাদের বিরুদ্ধে সামরিক আদালতে বিচার প্রক্রিয়া শুরু হবে।

বহিষ্কৃত নয় কর্মকর্তার মধ্যে রয়েছেন-

১. হে ওয়েইদং (সিএমসি’র সহ-সভাপতি)
২. মিয়াও হুয়া (সিএমসি’র রাজনৈতিক বিভাগের পরিচালক)
৩. হে হংজুন (রাজনৈতিক বিভাগের নির্বাহী উপপরিচালক)
৪. ওয়াং সিউবিন (যৌথ অভিযান কমান্ড সেন্টারের নির্বাহী উপপরিচালক)
৫. লিন শিয়াংইয়াং (পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ডার)
৬. চিন শুতং (সেনাবাহিনীর রাজনৈতিক কমিশার)
৭. ইউয়ান হুয়াঝি (নৌবাহিনীর রাজনৈতিক কমিশার)
৮. ওয়াং হৌবিন (রকেট বাহিনীর কমান্ডার)
৯. ওয়াং চুননিং (সশস্ত্র পুলিশ বাহিনীর কমান্ডার)

চীনা সরকারের ভাষ্য অনুযায়ী, এ পদক্ষেপ দুর্নীতির বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ সাফল্য’। তবে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, এটি কেবল দুর্নীতি দমন নয়—সেনাবাহিনীর ভেতরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কর্তৃত্ব দৃঢ় করার অংশ হিসেবেও দেখা যেতে পারে।

চীনে দুর্নীতিবিরোধী অভিযান নতুন নয়। শি জিনপিং ২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিক ও সামরিক অঙ্গনে একের পর এক শুদ্ধি অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে একই সঙ্গে একসঙ্গে এতজন শীর্ষ জেনারেলকে সরিয়ে দেওয়ার ঘটনা বিরল।