সারাবিশ্ব
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান
তাইওয়ানের পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহরে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া বিষয়ক প্রশাসনের বরাতে জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে হুয়ালিয়েন শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩১ দশমিক ৬ কিলোমিটার গভীরে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের প্রভাবে রাজধানী তাইপেইসহ আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য ভবন কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় তাইওয়ান পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। এর আগে ২০১৬ সালে দেশটির দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দ্বীপ ভূখণ্ডটিতে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন।