সারাবিশ্ব

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়লো ক্রেন, নিহত অন্তত ২২


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়লো ক্রেন, নিহত অন্তত ২২
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

থাইল্যান্ডের পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার সকালে রাজধানী ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ট্রেনটি ব্যাংকক থেকে উত্তর-পূর্বাঞ্চলের উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশে যাত্রা করছিল। পথিমধ্যে নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পে ব্যবহৃত একটি ভারী ক্রেন হঠাৎ ভেঙে পড়ে চলন্ত ট্রেনের একটি বগির ওপর আছড়ে পড়ে।

নাখোন রাতচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান থাচাপোন চিন্নাওং বার্তাসংস্থা এএফপিকে বলেন, “এই ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।” দুর্ঘটনার ফলে ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন ধরে যায়।

দুর্ঘটনার পরপরই পুলিশ, দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কর্তৃপক্ষ জানায়, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনতে ভারী ধাতব কাঠামো কেটে কাজ করছেন।

থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেল সংস্থা স্টেট রেলওয়ে অব থাইল্যান্ড জানিয়েছে, ট্রেনটির আসন বিন্যাস অনুযায়ী এতে ১৯৫ জন যাত্রীর নাম তালিকাভুক্ত ছিল। তবে বাস্তবে ট্রেনে থাকা যাত্রীর সংখ্যা এর চেয়ে কম বা বেশি হতে পারে বলেও জানানো হয়।

এদিকে দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী ফিপাত রাচাকিতপ্রাকর্ন একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক তদন্ত’ পরিচালনার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ, নির্মাণকাজে কোনো ধরনের গাফিলতি ছিল কি না এবং নিরাপত্তা মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না—সব বিষয় তদন্তে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই মর্মান্তিক দুর্ঘটনায় থাইল্যান্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় শনাক্ত করে স্বজনদের অবহিত করার কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।