সারাবিশ্ব
পারমাণবিক শক্তি বাড়াতে ‘অপরিবর্তনযোগ্য’ বড় ঘোষণা কিমের
সামরিক সক্ষমতা আরও জোরদার করতে নিজেদের পারমাণবিক শক্তিকে ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চাপ উপেক্ষা করে তিনি জানিয়েছেন, গত পাঁচ বছরে দেশটিতে অস্ত্র তৈরির উপযোগী পারমাণবিক উপাদানের উৎপাদন দ্বিগুণেরও বেশি বেড়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় কিম জং উন বলেন, দেশের পারমাণবিক শক্তিকে দ্রুত ও ব্যাপকভাবে শক্তিশালী করতে একটি উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এই পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেন, এটি এমন এক বড় পরিবর্তন যা ভাষায় প্রকাশ করা কঠিন। পারমাণবিক সক্ষমতা আধুনিকীকরণের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী মাইলফলক এবং ঐতিহাসিক পদক্ষেপ।
মূলত দক্ষিণ কোরিয়া এবং সেখানে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কা থেকে নিজেদের সুরক্ষার জন্যই এই পারমাণবিক অস্ত্রভাণ্ডার গড়ে তুলছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের চাপ বা আহ্বানকে গুরুত্ব না দিয়ে পিয়ংইয়ং স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না এবং এই নীতি থেকে সরে আসার প্রশ্নই ওঠে না।