সারাবিশ্ব
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত, আরও ৯৩ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের গাজায় ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলের সামরিক অভিযান। নতুন করে ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় অন্তত ৯৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩২৪ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ১৯ জন ফিলিস্তিনির মরদেহ স্থানীয় বিভিন্ন হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ সময় আরও অন্তত সাতজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায়ও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ১৯ অক্টোবর চালানো এক ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হন। ওই ঘটনার আগে একই দিনে রাফায় এক সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েল পাল্টা হামলা চালায়।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল হামাসের ফিল্ড কমান্ডার, সশস্ত্র যোদ্ধা, টানেল নেটওয়ার্ক এবং অস্ত্র গুদাম। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, অধিকাংশ ক্ষতিগ্রস্ত এলাকা ছিল বেসামরিক বসতি, যেখানে নারী ও শিশুরা প্রাণ হারিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধবিরতির মধ্যে এ ধরনের হামলা শুধু সহিংসতা বাড়াচ্ছে না, বরং শান্তি প্রক্রিয়াকেও জটিল করে তুলছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে এ ঘটনার নিন্দা জানিয়েছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
গাজার পরিস্থিতি ক্রমেই মানবিক সংকটে রূপ নিচ্ছে। খাদ্য, ওষুধ ও জ্বালানির তীব্র ঘাটতি দেখা দিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, অবরুদ্ধ এই উপত্যকার লাখো মানুষ এখনো মৌলিক মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছে।