সারাবিশ্ব

বছরের শুরুতেই ইসরায়েলে প্রাণঘাতী বার্ড ফ্লুর প্রাদুর্ভাব


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

বছরের শুরুতেই ইসরায়েলে প্রাণঘাতী বার্ড ফ্লুর প্রাদুর্ভাব
ছবি: সংগৃহীত

বছরের শুরুতেই ইসরায়েলে আবারও প্রাণঘাতী হাইলি প্যাথোজেনিক এইচ-৫-এন-১ বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির উত্তরাঞ্চলের একটি খামারে এই ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৯০টি হাঁস মারা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

মঙ্গলবার দ্য জেরুজালেম পোস্ট–এর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি গ্রামে প্রায় দুই হাজার হাঁসের খামারে হঠাৎ করে এইচ-৫-এন-১ বার্ড ফ্লু শনাক্ত হয়। প্রাথমিকভাবে ৯০টি হাঁস মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল।

সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে আক্রান্ত খামারের বাকি হাঁসগুলোকে দ্রুত আলাদা করে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ ধরনের হঠাৎ প্রাদুর্ভাব শুধু প্রাণিসম্পদের জন্য নয়, মানবস্বাস্থ্যের জন্যও সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

উল্লেখ্য, এর আগেও ইসরায়েলে একাধিকবার এইচ-৫-এন-১ বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা গিয়েছিল, যা দেশটির পোলট্রি খাত ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল।

সূত্র: জেরুজালেম পোস্ট