সারাবিশ্ব

যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করল ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:৪১ এএম

যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করল ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় সংঘাত নতুন মাত্রা পেয়েছে। একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান।

বুধবার (১০ জুন) ভোরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী নিশ্চিত করে, দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে ওই মার্কিন ড্রোনটি ধ্বংস করা হয়েছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, জাস্ক, সিরিক ও কেশম এলাকায় মার্কিন হামলার জবাবে স্থানীয় সময় রাত আড়াইটার দিকে তাদের নৌবাহিনী বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালায়।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সংঘাত এখনও চলমান রয়েছে এবং মার্কিন হামলা অব্যাহত থাকলে এর চেয়েও কঠোর জবাব দেওয়া হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক ঘোষণায় জানায়, তাদের অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালির কাছাকাছি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাগুলোতে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে আত্মরক্ষামূলক বলে উল্লেখ করেছে।

ইরানের তথ্য অনুযায়ী, জাস্ক, সিরিক ও কেশম এলাকায় চালানো মার্কিন হামলায় সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বামানি এলাকায় দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে।

আল জাজিরা ও আনাদোলু এজেন্সির প্রতিবেদন বলছে, এসব ঘটনার পর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। রাতভর হামলা ও পাল্টা হামলার ঘটনায় হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে এবং সংঘাতের বিস্তার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।