সারাবিশ্ব

হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা, হুমকিতে যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:২৮ পিএম

হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা, হুমকিতে যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। শনিবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, অজ্ঞাত একটি বস্তু হরমুজ প্রণালিতে চলাচলরত তেলবাহী ট্যাংকারটিতে আঘাত হানে। ঘটনার পর জাহাজটির অধিনায়ক বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

অধিনায়ক জানান, আঘাতটি জাহাজের নিয়ন্ত্রণকক্ষে লেগেছে। তবে জাহাজে থাকা সব নাবিক নিরাপদ রয়েছেন। এ ঘটনায় কোনো ধরনের পরিবেশগত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

হামলার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এর আগে ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনার পর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এদিকে বাহরাইন দাবি করেছে, শনিবার সকালে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন হামলা চালিয়েছে। তবে ড্রোনগুলো কোনো স্থাপনায় আঘাত করেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি দেশটির ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। মন্ত্রণালয়ের দাবি, একাধিক ড্রোন ব্যবহার করা হলেও সেগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

তাদের মতে, এ হামলা সাধারণ মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের চলমান উদ্যোগও বাধাগ্রস্ত হতে পারে।

সূত্র: আলজাজিরা