সারাবিশ্ব
বাবার শেষ বিদায়ে যোগ দিতে চান মোজতবা খামেনি, নিরাপত্তা শঙ্কায় অনিশ্চয়তা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি তার বাবার কয়েক দিনব্যাপী শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তীব্র নিরাপত্তা ঝুঁকির কারণে তিনি ঠিক কোন পর্যায়ে অংশ নিতে পারবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তেহরান কর্তৃপক্ষ।
শনিবার (৪ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’ এক প্রতিবেদনে ইরানি সূত্রের বরাতে জানায়, মোজতবা খামেনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছেন যে তিনি তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে চান। বিশেষ করে আগামী ৯ জুলাইয়ের দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
তবে ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কা এবং তার অবস্থান ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকির কারণে এখনো তার এই অনুরোধ অনুমোদন করা হয়নি। নিরাপত্তা ইস্যুটি সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হিসেবে দেখছে ইরান সরকার।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলমান সংঘাতের প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মোজতবা খামেনির স্ত্রী, কিশোর সন্তানসহ পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। বুধবার তাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না। এ অনুপস্থিতি ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে—তিনি আদৌ দেশের নেতৃত্বে সক্রিয়ভাবে ভূমিকা রাখছেন কি না।
ইরানের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় মোজতবা খামেনিকে এখনো প্রকাশ্যে আসা থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস