সারাবিশ্ব
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক সম্ভব নয়: মিশরের প্রেসিডেন্ট
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দখলদারিত্বের অবসান ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের পূর্ণাঙ্গ ও স্বাভাবিক সম্পর্ক সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
রোববার (৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ইসরায়েলের উদ্দেশে আল-সিসি বলেন, ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা বা জনগণের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, দখলদারিত্বের অবসান, অন্যায় ও আগ্রাসনের সমাপ্তি, প্রকৃত অধিকারীদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সবার নিরাপত্তা নিশ্চিত করে এমন ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠিত না হলে স্থায়ী শান্তি বা প্রকৃত স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়।
মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি সর্বাত্মক শান্তি চুক্তির ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, ন্যায়ভিত্তিক একটি শান্তিচুক্তি এই অঞ্চলে স্থিতিশীলতা ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
উল্লেখ্য, ১৯৭৯ সালে মিশরই প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল। এরপর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে কায়রোর অবস্থান দীর্ঘদিনের।
এদিকে গাজা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আল-সিসি। ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও সহিংসতা পুরোপুরি থামেনি। বিভিন্ন সূত্রে জানা গেছে, ওই সময়ের পর থেকে ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার কূটনৈতিক প্রচেষ্টা চললেও, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্ন এখনো বড় বাধা হয়ে রয়েছে। আল-সিসির সর্বশেষ বক্তব্য সেই অবস্থানকেই আরও জোরালো করেছে।