সারাবিশ্ব

বিশ্বকাপে ফিলিস্তিনি পতাকা ওড়ানো মিশরের কোচ হোসামের প্রতি গাজার শিল্পীদের শ্রদ্ধা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম

বিশ্বকাপে ফিলিস্তিনি পতাকা ওড়ানো মিশরের কোচ হোসামের প্রতি গাজার শিল্পীদের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে আলোচনায় আসা মিশরের ফুটবল কোচ হোসাম হাসানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গাজার শিল্পীরা। তার এই প্রতীকী পদক্ষেপকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ও সম্মানের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন অনেকে।

গাজার এক ফিলিস্তিনি ফুটবলপ্রেমী জানান, হোসাম হাসানের এই উদ্যোগ ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো লাখো মানুষের মধ্যে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। তার মতে, বিশ্বমঞ্চে এমন বার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

নিজের এই শ্রদ্ধা প্রকাশ করতে গাজার উপকূলেই এক শিল্পী সৃজনশীল শিল্পকর্ম তৈরি করেন। সেখানে হোসাম হাসানের ফিলিস্তিনি পতাকা ওড়ানোর মুহূর্তটি তুলে ধরা হয়েছে, যা ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে সাড়া ফেলেছে।

বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনি পতাকা প্রদর্শনের মাধ্যমে হোসাম হাসান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেন। বিশেষ করে ফিলিস্তিনপন্থী সমর্থকদের কাছে তার এই পদক্ষেপ প্রশংসিত হয়।

গাজার শিল্পীদের মতে, খেলাধুলা শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের আবেগ, পরিচয় এবং সংহতির শক্তিশালী মাধ্যম। হোসাম হাসানের এই উদ্যোগ সেই বার্তাকেই আরও জোরালোভাবে তুলে ধরেছে।