সারাবিশ্ব
বর্তমান নেতৃত্বের সিদ্ধান্তে শেষ পর্যন্ত পাশে থাকবে ইরানি জনগণ: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক না কেন, ইরানের জনগণ শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তের সঙ্গেই থাকবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে।
পেজেশকিয়ান বলেন, যুদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সামরিক কমান্ডাররাই সবচেয়ে বেশি অবগত। তারা দেশের সামরিক সক্ষমতা সম্পর্কে ভালোভাবে জানেন এবং পরিস্থিতি অনুযায়ী কী করা উচিত, সে বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন। নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, জনগণ সেই সিদ্ধান্তের পাশে থাকবে।
তিনি আরও বলেন, জনগণ শেষ পর্যন্ত নেতৃত্বের সঙ্গে থাকবে, প্রয়োজনে মৃত্যুর আগ পর্যন্তও। যুদ্ধ বা সংঘাতে জড়াতে তিনি ভয় পান না বলেও উল্লেখ করেন পেজেশকিয়ান। তার ভাষায়, অনেক সময় ঝুঁকি জেনেও দায়িত্ব পালন করতে হয়।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, শত্রুপক্ষ যেকোনো সময় তাদের লক্ষ্যবস্তু করতে পারে। তবুও তিনি মনে করেন, এমন পরিস্থিতিতেও তারা নিজেদের অবস্থান থেকে সরে আসবেন না।