সারাবিশ্ব

‘আমিরাতের’ ট্যাংকার জাহাজ আটক করে ইরানে নিয়ে নিয়ে গেল বিপ্লবী গার্ড


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:৪৫ পিএম

‘আমিরাতের’ ট্যাংকার জাহাজ আটক করে ইরানে নিয়ে নিয়ে গেল বিপ্লবী গার্ড
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি প্রতিষ্ঠানের পরিচালনাধীন রাসায়নিক ও তেলবাহী ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালি থেকে আটক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। আটক করা জাহাজটি বর্তমানে ইরানের বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

বুধবার (১৯ আগস্ট) ইরানের আধা সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, হরমুজ প্রণালির কেশম দ্বীপের কাছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি প্রতিষ্ঠানের পরিচালনাধীন জাহাজটি আটক করে ইরানি বাহিনী। পরে জাহাজটির গতিপথ পরিবর্তন করে বন্দর আব্বাসের দিকে নেওয়া হয়।

নৌযান চলাচলসংক্রান্ত তথ্য বিশ্লেষণে জানা গেছে, আটক জাহাজটির নাম ‘আমারা’। প্রায় ৪৮ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার এই ট্যাংকারটি গত ১৭ আগস্ট হরমুজ প্রণালির পূর্ব দিক দিয়ে প্রবেশ করে। সে সময় জাহাজটির স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা চালু ছিল। তথ্য অনুযায়ী, জাহাজটি প্রণালিতে ইরানের নির্ধারিত নৌপথ অনুসরণ করে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরের দিকে যাচ্ছিল।

তবে অন্য একটি আন্তর্জাতিক সূত্র ও নৌযানসংক্রান্ত সংবাদমাধ্যম ইরানওয়্যার জানিয়েছে, জাহাজটির ক্রু ও ব্যবস্থাপনায় থাকা প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের হলেও জাহাজটি মূলত লাইবেরিয়ার পতাকাবাহী। এর মালিক একটি ভারতীয় প্রতিষ্ঠান।

কী কারণে বা কোন অভিযোগে ‘আমারা’ ট্যাংকারটি আটক করা হয়েছে, সে বিষয়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বা দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।