সারাবিশ্ব

সামরিক নয়, যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক যুদ্ধে নেমেছে: ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম

সামরিক নয়, যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক যুদ্ধে নেমেছে: ইরান
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরিবর্তে যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক চাপের কৌশল নিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেব্বি।

রোববার (২৩ আগস্ট) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের ক্ষেত্র পরিবর্তন করে এখন অর্থনৈতিক যুদ্ধে নেমেছে। ইরানের সামরিক সক্ষমতা ও শক্তি যে অটুট রয়েছে, তা এখন সবার কাছেই স্পষ্ট বলেও দাবি করেন তিনি।

হোসেইন মহেব্বি আরও বলেন, ইরানের সামরিক শক্তি এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম আগের মতোই অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও তেহরান নিজেদের সামরিক সক্ষমতা ধরে রাখতে কাজ চালিয়ে যাচ্ছে বলে তার বক্তব্যে উঠে এসেছে।

ইরানি কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপকে দেশটির সামরিক কৌশলের ব্যর্থতার ফল হিসেবে দেখানো হচ্ছে। মহেব্বিও দাবি করেছেন, সামরিক অঙ্গনে ইরানের সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্র এখন কৌশল পরিবর্তন করে অর্থনৈতিক চাপের পথে এগোচ্ছে।

এদিকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ইরানের অর্থনীতি ও মুদ্রাবাজারে চাপ বাড়ছে। রোববার তেহরানের মুক্তবাজারে এক মার্কিন ডলারের দাম ২০ লাখ ইরানি রিয়াল ছাড়িয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইরানের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ মোকাবিলার অভিজ্ঞতা তাদের রয়েছে। নতুন চাপের বিরুদ্ধেও তেহরান পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখছে বলে জানিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড কোরের মুখপাত্র।

সূত্র: আল-জাজিরা