সারাবিশ্ব
সৌদিতে এক দাতার হৃদপিণ্ডে নতুন জীবন পেল দুই শিশু
সৌদি আরবের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে একজন দাতার হৃদপিণ্ড ব্যবহার করে দুই শিশুর সফল চিকিৎসা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের ক্ষেত্রে এ ধরনের ‘ডমিনো হার্ট ট্রান্সপ্লান্ট’ মধ্যপ্রাচ্য ও ইউরোপে প্রথমবারের মতো করা হয়েছে।
চিকিৎসাধীন ১২ বছর বয়সী এক কিশোর দীর্ঘদিন ধরে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ও চূড়ান্ত পর্যায়ের হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিল। প্রায় ছয় সপ্তাহ হাসপাতালে চিকিৎসার পর তার শরীরে দাতার হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়। তবে তার পুরোনো হৃদপিণ্ডের পালমোনারি ভালভ ও রুট সুস্থ থাকায় চিকিৎসকেরা সেগুলো সংরক্ষণ করেন।
অন্যদিকে, গুরুতর অ্যাওর্টিক স্টেনোসিস ও রিগারজিটেশনে আক্রান্ত ৯ বছর বয়সী আরেক শিশুর শরীরে জটিল রস পদ্ধতির অস্ত্রোপচার করা হয়। এ সময় তার সুস্থ পালমোনারি ভালভটি ক্ষতিগ্রস্ত অ্যাওর্টিক ভালভের জায়গায় বসানো হয়। পরে খালি হয়ে যাওয়া পালমোনারি অংশে প্রথম শিশুর হৃদপিণ্ড থেকে নেওয়া সুস্থ ভালভ ও রুট প্রতিস্থাপন করা হয়।
এভাবে একই দাতার হৃদপিণ্ড থেকে পাওয়া অঙ্গ ও টিস্যু ব্যবহার করে দুই শিশুর চিকিৎসা সম্পন্ন করা হয়েছে। প্রথম শিশু নতুন হৃদপিণ্ড পাওয়ার পাশাপাশি তার শরীরের কার্যকর হৃদটিস্যু দ্বিতীয় শিশুর চিকিৎসায় কাজে লাগানো হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, জীবন্ত টিস্যু দিয়ে তৈরি এই ভালভ শিশুর শরীরের সঙ্গে বেড়ে উঠতে পারে। ফলে ভবিষ্যতে বারবার ভালভ প্রতিস্থাপনের প্রয়োজন কমে আসতে পারে।
হাসপাতালটির হৃদরোগ বিশেষজ্ঞরা জানান, অত্যন্ত জটিল এই চিকিৎসায় হৃদপিণ্ড প্রতিস্থাপন, শিশু হৃদশল্যচিকিৎসা, অবেদনবিদ্যা, চিত্রায়ন ও নিবিড় পরিচর্যাসহ বিভিন্ন বিভাগের সমন্বিত চিকিৎসক দল কাজ করেছে।
সূত্র: আরব নিউজ