সারাবিশ্ব

মক্কাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সৌদি: অভিযোগ হুতি নেতার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

মক্কাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সৌদি: অভিযোগ হুতি নেতার
ছবি: সংগৃহীত

মক্কাকে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সৌদি আরব ইয়েমেনের ওপর নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন হুতি নেতা আবদুল মালিক আল হুতি। বৃহস্পতিবার দেওয়া এক ঘণ্টার ভাষণে তিনি সৌদি আরবের বিরুদ্ধে এসব অভিযোগ করেন। তার বক্তব্য আলজাজিরার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

আবদুল মালিক আল হুতি বলেন, সৌদি আরব মক্কাকে নিপীড়নের প্রতীক হিসেবে ব্যবহার করছে। তিনি সৌদি আরবের এই অবস্থানকে মিথ্যা ও প্রতারণামূলক প্রচেষ্টা বলে উল্লেখ করেন।

সম্প্রতি সৌদি আরব অভিযোগ করেছে, আনসারুল্লাহ গোষ্ঠী মক্কাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছে। ১৬ সেপ্টেম্বর সৌদি কর্তৃপক্ষ জানায়, মক্কার আকাশসীমায় প্রবেশের আগে একটি হুতি চালকবিহীন বিমান প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

তবে সৌদি আরবের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আল হুতি। তিনি দাবি করেন, মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং যুদ্ধের লক্ষ্য পূরণে সৌদি আরব মিথ্যাকে ব্যবহার করছে। একই সঙ্গে মুসলিম বিশ্বের প্রতি সৌদি আরবের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ইয়েমেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

হুতি নেতা বলেন, ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসনের এটি দ্বাদশ বছর। তার দাবি, বর্তমান সংঘাতের এই পর্যায় সৌদি আরবই শুরু করেছে। মক্কা ও অন্যান্য ঘটনাকে কেন্দ্র করে সৌদি সামরিক অভিযান পরিচালনার পর ইয়েমেনে সংঘাত আরও বিস্তৃত হয়েছে বলেও দাবি করেন তিনি।

আল হুতির ভাষ্য অনুযায়ী, সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি সামরিক অভিযান এবং পরবর্তী সময়ে মোখা দখল ও আনসারুল্লাহর অগ্রযাত্রার মধ্য দিয়ে সংঘাত নতুন মাত্রা পায়। এরপর আনসারুল্লাহ দক্ষিণ দিকে অগ্রসর হয়ে মোখা, ধাবাব ও বাব আল মান্দাবের নিয়ন্ত্রণ নেয় বলে দাবি করেন তিনি। সাম্প্রতিক সময়ে হুতিরা ইয়েমেনের পশ্চিম উপকূলের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় অগ্রসর হয়েছে বলে আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুতি নেতা বলেন, সৌদি আরব ইয়েমেনকে আত্মরক্ষামূলক অবস্থানে যেতে বাধ্য করেছে। তার দাবি, বর্তমানে ইয়েমেনে হুতিদের সামরিক তৎপরতা এমন একটি দেশের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ, যারা ইয়েমেনকে অধীন ও নিপীড়িত অবস্থায় রাখতে চায়।

আল হুতি আরও অভিযোগ করেন, সৌদি আরবের সামরিক কর্মকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্র ও জায়নবাদীরা নেতৃত্ব দিচ্ছে। তার দাবি, তারাই সৌদি আরবের ওপর রাজনৈতিক নীতি চাপিয়ে দিচ্ছে এবং সামরিকভাবে পদক্ষেপ নিতে প্রভাবিত করছে।

সূত্র: আল-জাজিরা