সারাবিশ্ব

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব বিপুল ভোটে পাস


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব বিপুল ভোটে পাস
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাস-বিহীন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বিপুল ভোটে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪২টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি, আর ভোটদানে বিরত ছিল ১২টি দেশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতিসংঘের নিউইয়র্ক সদর দফতরে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স ও সৌদি আরব।

এতে একদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হয়েছে, অন্যদিকে গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযান, অবরোধ ও সৃষ্ট মানবিক সংকটেরও সমালোচনা করা হয়েছে।

ঘোষণায় ইসরাইল ও ফিলিস্তিনকে দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি, গাজায় চলমান সহিংসতা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে বলা হয়েছে।

তবে প্রস্তাবটি ইসরাইলের তীব্র বিরোধিতার মুখে পড়ে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই জানিয়ে দেন, ফিলিস্তিনকে কখনো স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া হবে না। ভোটের পরপরই ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন বলেন, “এই ঘোষণায় হামাসকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত না করায় এটা প্রমাণিত হয় যে জাতিসংঘ সাধারণ পরিষদ এখন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন একটি রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে।”

অন্যদিকে, হামাস এই ঘোষণাকে স্বাগত জানিয়ে একে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেছে। তাদের আশা, ঘোষণার ভিত্তিতে আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বেশ কিছু দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে।

যদিও বৈশ্বিক পরিমণ্ডলে এই ঘোষণার প্রতি প্রতিক্রিয়া মিশ্র, জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে—দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং সকল সদস্য রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে এই লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়েছে।