সারাবিশ্ব

মেক্সিকোর সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৩ জন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

মেক্সিকোর সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৩ জন
ছবি: সংগৃহীত

মেক্সিকোর সোনোরা রাজ্যের রাজধানী হারমোসিলোর একটি জনপ্রিয় সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও ১১ জন আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ওয়ালডো’স নামের ওই সুপারমার্কেটে বিস্ফোরণ ঘটে। খবর আল জাজিরার।

সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় জানান, “এই মর্মান্তিক ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো হামলা নয়; বরং অভ্যন্তরীণ ত্রুটি বা গ্যাসজনিত কারণে বিস্ফোরণ ঘটেছে বলে তদন্তকারীরা মনে করছেন। তবে, ঘটনাটির পেছনের কারণ নিশ্চিত করতে একটি স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, “হারমোসিলোতে ঘটে যাওয়া এই দুর্ঘটনা আমাদের সবাইকে শোকাহত করেছে। নিহতদের পরিবার ও প্রিয়জনদের পাশে রয়েছে সরকার।”

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের সময় দোকানে প্রচুর ক্রেতা ছিলেন। ঘটনাস্থলটি বর্তমানে ঘিরে রেখেছে সেনা ও দমকল বাহিনী। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আরও জীবিত কেউ আছেন কিনা তা খুঁজে দেখছেন।