সারাবিশ্ব

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৫ পিএম

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নোবেল শান্তি পুরস্কারের প্রতি তার আর কোনো আগ্রহ নেই। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ তার নোবেল পাওয়ার সম্ভাবনাকে প্রভাবিত করবে কি না-সেই বিষয়েও তিনি নিশ্চিত নন বলে জানিয়েছেন।

একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে চলমান সংঘাত আমাকে নোবেল কমিটির চূড়ান্ত লক্ষ্য পার করতে সাহায্য করবে কি না-সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি জানি না, আর এই বিষয়ে আমার কোনো আগ্রহও নেই।”

যদিও নিজের দ্বিতীয় মেয়াদের শুরুতে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার লক্ষ্য নিয়ে তিনি বেশ সক্রিয় প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু বর্তমানে তিনি দাবি করছেন, ওই পুরস্কার নিয়ে তার আর কোনো আগ্রহ নেই।

এদিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা তৈরি হয়েছে। পেন্টাগনের একটি তদন্তের প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি মার্কিন ক্ষেপণাস্ত্র ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে আঘাত হানে। এতে প্রায় ১৭৫ জন নিহত হন, যাদের বেশিরভাগই শিশু।

তবে ট্রাম্প জানিয়েছেন, এই তদন্তের কথিত ফলাফল সম্পর্কে তিনি অবগত নন এবং বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের বিভিন্ন সময় ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি ক্ষমতায় আসার পর অন্তত আটটি যুদ্ধ থামাতে ভূমিকা রেখেছেন। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর একটি ফ্যাক্ট-চেক প্রতিবেদনে বলা হয়েছে, তার এসব দাবির অনেকগুলোই অতিরঞ্জিত বা সঠিক নয়।

এদিকে গত জানুয়ারিতে হোয়াইট হাউসে এক বৈঠকে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো প্রতীকীভাবে নিজের নোবেল পুরস্কার ট্রাম্পকে তুলে দেন। যদিও নোবেল কমিটি পরে জানায়, ওই বছরের পুরস্কারের একমাত্র প্রাপক মাচাদো নিজেই।